টিপিএফ বাংলা ডেস্ক: ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, জার্মানি, চেক প্রজাতন্ত্র-সহ একাধিক দেশে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছুঁয়েছে। অস্বাভাবিক গরমে স্বাস্থ্যঝুঁকি বেড়েছে, চাপের মুখে পড়েছে জরুরি পরিষেবাও।
ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি দাবদাহের জেরে বুধবার থেকে দেশে প্রায় ১,০০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে প্রায় ৮৫ শতাংশেরই বয়স ৬৫ বছর বা তার বেশি। দেশটির জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব এলাকায় তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ সতর্কতা হিসেবে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছিল, সেখানেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইল-দ্য-ফ্রঁস, নুভেল-আকিতেন, ব্রিটানি, সঁত্র-ভাল দ্য লোয়ার, নরম্যান্ডি এবং পে-দ্য-লোয়ার অঞ্চল। প্রশাসনের পক্ষ থেকে প্রবীণ, শিশু ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
